গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৮৩ শিশুর।
শনিবার, ৩০ মে বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় ৩ জন, সিলেটে ২ জন, চট্টগ্রামে ১ জন ও ময়মনসিংহে ২ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৮৩ শিশুর। এর মধ্যে হামের উপসর্গে ৪৯৩ শিশুর মৃত্যু হয়। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৯ হাজার ৬১২। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ শিশু।
অপরদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৬।
পতাকানিউজ/আরবি

