দেশের বহুল আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি বরাদ্দ সংক্রান্ত তিনটি দুর্নীতি মামলার রায় আজ ঘোষণা করা হবে। মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পত্তি আত্মসাত ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছিল।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে আদালতের এলাকা সরেজমিনে গিয়ে দেখা গেছে, রায়ের আগে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। আদালতের প্রধান ফটকগুলোতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। এজলাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পাশাপাশি গণমাধ্যমকর্মী এবং সাধারণ দর্শনার্থীর উপস্থিতিও তুলনামূলকভাবে বেশি।
মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শহীদুল ইসলাম জানান, ‘নিয়মিত নিরাপত্তার পাশাপাশি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের জন্য দুই প্লাটুন পুলিশ দায়িত্ব পালন করছেন। সঙ্গে রয়েছেন বিজিবির আরও দুই প্লাটুন সদস্য।’
মামলাগুলোতে তিনটি আলাদা অভিযোগ রয়েছে। প্রথম মামলাটি করা হয় ১৪ জানুয়ারি, যেখানে প্রথমে আটজনকে অভিযুক্ত করা হয়। তদন্ত শেষে চার্জশিটে সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। মামলার আসামির মধ্যে ছিলেন পূরবী গোলদার, খুরশীদ আলম, নাসির উদ্দীন, মেজর (অব.) শামসুদ্দীন আহমদ চৌধুরী, নায়েব আলী শরীফ, কাজী ওয়াছি উদ্দিন, শহিদ উল্লাহ খন্দকার ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দ্বিতীয় মামলায় শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি ১৭ জনকে চার্জশিটভুক্ত করা হয়। তৃতীয় মামলায় ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে, যেখানে শেখ হাসিনা ও সায়মা ওয়াজেদ পুতুলও ছিলেন। অভিযোগে উল্লেখ আছে জাল রেকর্ডপত্র তৈরি, অবৈধ প্লট বরাদ্দ এবং সরকারি সম্পত্তি আত্মসাতের সুযোগ সৃষ্টি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান জানান, ‘গত ৩১ জুলাই আদালত তিন মামলারই অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ শুনানি ও যুক্তিতর্কের পর আজ রায় ঘোষণা হবে। সারাদেশের মানুষ বিষয়টি নজরে রেখেছে।’
পতাকানিউজ/এনটি

