আবারও হরমুজ প্রণালি বন্ধ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করছে। খবর বিবিসির।
এর আগে ইরান সতর্ক করে বলেছিল যে, যদি ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকে তাহলে তারা আবার এ গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ করে দেবে।
ট্রাম্প জানিয়েছেন, ‘ইরানের সঙ্গে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন’ না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকবে।
এতে ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার ও জ্যেষ্ঠ আলোচক মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘মার্কিন অবরোধ অব্যাহত থাকলে প্রণালিটিও খোলা থাকবে না।’
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট ফারস নিউজ এজেন্সি, ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি এবং রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি—সবকটিই আইআরজিসি-এর এক বিবৃতি উদ্ধৃত করেছে। সেখানে বলা হয়েছে, প্রণালিটি “আগের অবস্থায়” ফিরে যাবে এবং ওই এলাকার নিয়ন্ত্রণ থাকবে সশস্ত্র বাহিনীর হাতে।
এর আগে আমরা দেখেছি কিছু জাহাজ এই জলপথ দিয়ে যাতায়াত করেছে—তবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে মোট কতটা সামুদ্রিক যান চলাচল করতে পেরেছে, তা স্পষ্ট নয়।
আইআরজিসি-এর বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতা’-র অভিযোগ আনা হয়েছে।
এতে বলা হয়েছে, তাদের ‘তথাকথিত অবরোধ’ আসলে সমুদ্রপথে জবরদস্তি চালিয়ে দখলের শামিল।
পতাকানিউজ/আরবি

