‘পরিবেশের জীবনকে হ্যাঁ বলুন, দূষণকে না বলুন—এ স্লোগানে হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পরিবেশবাদী যুব সংগঠনের যুবক রিহাব হোসেন। ঢাকার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ শাখার গ্রীণ ভয়েস কমিটির যুগ্ম আহ্বায়ক রিহাব গত ১৬ অক্টোবর সকালে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে যাত্রা শুরু করেন।
নওগাঁর পত্নীতলা উপজেলার তকিপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে রিহাব পায়ে হেঁটে ৬ দিনে ২৪২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাতে জয়পুরহাটে পৌঁছান। একদিন যাত্রা বিরতির পর আজ, বৃহস্পতিবার সকালে তিনি টেকনাফের উদ্দেশ্যে জয়পুরহাট থেকে বগুড়ার পথে যাত্রা করেন।
রিহাব জানিয়েছেন, মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করার জন্যই তার এই কর্মসূচি। পাশাপাশি তিনি মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করছেন। এছাড়া প্রতিটি জেলায় তিনি একটি করে গাছও রোপণ করছেন।
তিনি বলেন, ‘এ কর্মসূচি শুরুর পর পথে পথে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকেই নানা পরামর্শও দিয়েছেন। জোর করে খাবার দিয়েছেন। দেশের মানুষরা যে এত ভালো এ কর্মসূচি না নিলে হয়ত জানাই হতো না। কাঁধে ২২ কেজি ওজনের লাগেজ নিয়ে প্রতিদিন ৫০ কিলোমিটার পথ হাঁটছি। একদিনে এর বেশি রান করা যায় না। আজ সকালে জয়পুরহাট ছেড়ে বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করেছি।’
বগুড়া থেকে সিরাজগঞ্জ-টাঙ্গাইল ও সাভার হয়ে ঢাকা এবং ঢাকা থেকে ফেনি হয়ে আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে টেকনাফে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে রিহাবের। পথে জেলা শহরগুলোতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর সদস্যদের সঙ্গে নিয়ে একটি করে গাছ রোপণ করবেন। ইতিমধ্যে ছেড়ে আসা জেলাগুলোতেও তিনি গাছ রোপণ করেছেন।
পতাকানিউজ/এসি/আরবি

