চট্টগ্রামের হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার, ৯ আগস্ট বিকেল সাড়ে ৫টায় হাটহাজারী মাদ্রাসায় যান প্রধানমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক খলীল আহমেদ কাসেমী।
কবর জিয়ারত শেষে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাদের কাছে দোয়া চান।
পরে মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে বিকেল ৪টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মাদ্রাসায় এসে পৌঁছালে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী তাকে স্বাগত জানান। পরে তিনি প্রধানমন্ত্রীকে অতিথি আপ্যায়ন কক্ষে নিয়ে যান এবং সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকানিউজ/আরবি

