রাউজান উপজেলায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরীর সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনার প্রতিবাদে হাটহাজারীতে দিনব্যাপী ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ইতিমধ্যে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের যে সকল যানবাহন আটকে ছিল ধীরে ধীরে তা গন্তব্যের দিকে রওনা দিয়েছে।
বুধবার, ৮ অক্টোবর সকাল ৭টা থেকে মহাসড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা। সকাল ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, এএসপি তারেক আজিজ, হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, হেফাজত নেতা মাওলানা এমরান সিকদার, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।
এর আগে মঙ্গলবার, ৭ অক্টোবর বিকেল নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যু হয়।
হেফাজত নেতা এমরান সিকাদার বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় রাউজানের গহিরা এলাকায় বাস চাপায় আমাদের ভাই সোহেল চৌধুরী ইন্তেকাল করেন। কিন্তু আমাদের ধারণা তা পরিকল্পিত হত্যাকাণ্ড। এতে আমাদের পক্ষ থেকে বেশকিছু দাবিতে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। পরে প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবি পূরণের প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।’
এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন বলেন, ‘অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ আলোচনা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসসহ আলোচনায় ঐক্যমতের পরিপ্রেক্ষিতে শান্তিপূর্ণ সমাধান হয়েছে। অবরোধকারীরা অবরোধ তুলে নিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক।’
পতাকানিউ/ওএআর/আরবি

