চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামে এক হেফাজত নেতার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করেছেন হেফাজতের নেতাকর্মীরা। এতে সকাল থেকে যানচলাচল বন্ধ রয়েছে, আটকা পড়েছে শত শত গাড়ি। দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।
বুধবার, ৮ অক্টোবর সকাল থেকে মহাসড়ক অবরোধ করেন হেফাজতের নেতাকর্মীরা। এর আগে মঙ্গলবার, ৭ অক্টোবর বিকেল নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যু হয়।
নিহত সোহেল চৌধুরীর বাড়ি সন্দ্বীপে। তিনি দীর্ঘ বছর ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নিহত সোহেল চৌধুরী মোটরসাইকেলে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এসময় ছিটকে পড়ে গুরুতর আহত হন মাওলানা সোহেল। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রতিবাদে একইদিন রাত সাড়ে ৯টায় চমেক হাসপাতালে মহাসড়ক অবরোধের ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুল ইসলাম।
এ বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘হেফাজত নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
পতাকানিউজ/আরবি

