বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলননের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাক চালক মো. হোসেন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিপিয়েছে। আগামী ২১ মে নতুন দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার, ২৮ এপ্রিল ঢাকার বিশেষ জজ-৪ ( বিশেষ দায়রা আদালত) এর বিচারক রবিউল ইসলাম এ দিন ধার্য করেন।
আজ, মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এ মামলার একাধিক আসামির পক্ষে সময়ের আবেদন করায় আদালত শুনানির নতুন তারিখ ধার্য করেন।
মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামি সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি সাদেক খানসহ কারাগারে থাকা চারজনকে আদালতে হাজির করা হয়।
শেখ হাসিনাসহ ২০ জন এ মামলায় পলাতক। এছাড়া ১০ আসামি জামিনে আছেন।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত মো. হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
এ মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক আসামির বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু রয়েছেন পলাতক আসামির মধ্যে।
পতাকানিউজ/এএ/আরবি

