ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি রাতে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।। তবে এতে উপস্থিত ছিলেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এসময় তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো দল মিলে এতবড় জোট গঠন হয়নি। আজকের এই ঐক্য একটি মডেল হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।’
ঘোষিত তালিকা অনুযায়ী, জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩০টি আসনে। অন্যান্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলামী পার্টি ২টি আসন। তবে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জোটে থাকলেও তাদের আসন কতটি সে বিষয়টি জানাননি ডা. তাহের।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন রেখে দিয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’। শুক্রবার, ১৬ জানুয়ারি বিকেল ৩টায় ‘নির্বাচনী সমঝোতা বিষয়ে’ সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল হক চান, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১১ দলীয় জোটভুক্ত ১০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/আরবি

