শুরু থেকেই দারুণ ইতিবাচক ব্যাটিং করছিলেন। সকালে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা সাপের মতো সুইংয়ে ভয় ধরাচ্ছিলেন। মুমিনুলের ব্যাটিংয়ে সেটা অনেকটাই কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ইনিংস বড় করতে পারেননি মুমিনুল, তবে তার মধ্যেই ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক।
শুরুতে কিছুটা সময় নিয়েছেন মুমিনুল, পরে ধীরে ধীরে হাত খুলেছেন। তানজিদ হাসান তামিমের বিদায়ের পর ক্রিজে এসে শামার জোসেফের ১৪৬-১৪৭ কিলোমিটার গতির বাউন্সার ও ভেতরে ঢোকা দারুণভাবে সামলেছেন এই বাঁ-হাতি এই ব্যাটার। জাইডেন সিলসের সুইংও সামলেছেন বেশ ভালোভাবে। শুরুর দিকে রান নেওয়ার চেয়ে উইকেট আগলে রাখাতেই মনোযোগ ছিল তার।
রস্টোন চেজ আক্রমণে আসার পর অবশ্য রান তোলার গতি বাড়ান মুমিনুল। দশম ওভারে অফ স্টাম্পের বাইরে একটু খাটো বলে দারুণ কাট শটে পয়েন্টের পাশ দিয়ে মারেন প্রথম চার। পরের ওভারগুলোতেও স্পিনের বিপক্ষে কখনো সুইপ, কখনো ফাঁকা জায়গায় বল ঠেলে রান বের করেছেন। চেজের বলে সুইপে চার মারার পাশাপাশি একটি ওভারে দুটি দুই রানও নেন তিনি।
১১ হাজার প্রথম শ্রেণির রানও পূর্ণ করেন এই ইনিংসের পথে। তৃতীয় বাংলাদেশি হিসেবে এই ক্লাবে যোগ দিলেন মুমিনুল। এর আগে এই কীর্তি ছিল বর্তমানে নির্বাচক প্যানেলের সদস্য নাঈম ইসলাম ও খুলনা বিভাগীয় দলের বর্তমান হেড কোচ তুষার ইমরানের। ১৮২ ম্যাচে ৩২ সেঞ্চুরি আর ৬৩ ফিফটিতে ১১৯৭২ রান করে সবার উপরে তুষার। আর নাঈম করেছেন ১৮৪ ম্যাচে ৩৪ সেঞ্চুরিতে ১১২৫০ রান। আর ১৬৯ ম্যাচে ২৯ সেঞ্চুরিতে মুমিনুলের ব্যাট থেকে এসেছে ১১০১৭ রান।

ব্যাটিংয়ে নামার আগে এই মাইলফলক স্পর্শ করতে মাত্র ১১ রান প্রয়োজন ছিল মুমিনুলের। ১৩তম ওভারে রোস্টন চেজকে সুইপ করে ডাবল নেন তিনি, তাতেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১ হাজার রান টপকে যান।
ইনিংসের মধ্যে পেসার জাস্টিন গ্রিভসের বিপক্ষে আবার ধৈর্যের পরীক্ষা দিয়েছেন মুমিনুল। টানা দুই মেডেন ওভারে তাকে আটকে রাখলেও উইকেট দেননি। কখনো বল ছেড়েছেন, কখনো দারুণভাবে ডিফেন্স করেছেন। ২১ ওভার শেষে ৪৯ বলে ২৮ রানে অপরাজিত মুমিনুল। পরের ওভারেই অবশ্য অহেতুক উইকেট ছুড়ে দেন তিনি।
জোমেল ওয়ারিকানের মিডল ও অফ স্টাম্প বরাবর হাওয়ায় ভাসানো বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন মুমিনুল। মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ ঘটাতে পারেননি। সরাসরি মিড অফে দাঁড়ানো শামার জোসেফের হাতে চলে যায় ক্যাচ।

