ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা আরও ১ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে।’
এর আগে গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি ও ভিন্নমত দমনের জন্য ব্যবহার করা হয়েছিল।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকার।
পতাকানিউজ/আরবি

