প্রায় ১২৫ বছর পর বাড়ানো হলো পার্বত্য চট্টগ্রামে জমির খাজনা। এখন থেকে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় প্রতি একর তৃতীয় শ্রেণির জমির খাজনা ১ টাকার পরিবর্তে দিতে হবে ২০ টাকা।
এমন তথ্য জানালেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মনজুর হক। তার ভাষ্য, সরকারের এই সিদ্ধান্ত তাদের হাতে এসেছে।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয় জারি করে এমন প্রজ্ঞাপন।
প্রজ্ঞাপন জারির দিন থেকেই নতুন খাজনার হার বলবৎ হবে বলে এতে উল্লেখ করা হয়। এর আগে গত ২২ জানুয়ারি প্রস্তাবিত নতুন খাজনা হারে সম্মতি দেয় অর্থ বিভাগ।
নতুন হার অনুযায়ী দ্বিতীয় শ্রেণির প্রতি একর জমির খাজনা ২ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা এবং প্রথম শ্রেণির প্রতি একর জমির খাজনা ৩ টাকার পরিবর্তে ৫০ টাকা ধার্য করা হয়েছে, বলা হয় প্রজ্ঞাপনে।
১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি (চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০) অনুযায়ী সার্কেল চিফ এবং মৌজা হেডম্যানের মাধ্যমে এই অঞ্চলে জমির আদায় করা হচ্ছে খাজনা।
-পতাকানিউজ/আরআর

