টানা ১৪ দিন ধরে বন্ধ রয়েছে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম। এতে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা বাগানের লক্ষাধিক চা শ্রমিক ও তাদের পরিবার-পরিজনরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে চরম দুর্ভোগে দিন পার করছেন।
যে কারণে বন্ধ কার্যক্রম
চিকিৎসাধীন অবস্থায় সপ্তম শ্রেণি পড়ুয়া ঐশি রবিদাস (১৩) নামে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ক্যামেলিয়া হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। পরে পুলিশি হস্তক্ষেপে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতাল ত্যাগ করেন। এরপর নিরাপত্তার কারণে ২৭ মার্চ শুক্রবার থেকে চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালে আসছেন না।
এদিকে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন ক্যামেলিয়া হাসপাতাল কার্যক্রম একেবারে বন্ধসহ লংলা ক্যামেলিয়া স্কুল কার্যক্রমও বন্ধ করে দেয় কিনা এ নিয়ে চা শ্রমিকদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে রবিবার, ২৯ মার্চ শমশেরনগর চা বাগানে জরুরি বৈঠক হলেও ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন ইংল্যান্ড অফিসের সিদ্ধান্ত ছাড়া ক্যামেলিয়া হাসপাতালের কার্যক্রম চালু হচ্ছে না। তবে ইতিমধ্যে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন ইংল্যান্ড অফিস ঘটনার তদন্ত হয়েছে।
ক্যামেলিয়া হাসপাতালের যাত্রা
ডানকান ব্রাদার্সের ১৫টি চা বাগানের শ্রমিক-কর্মচারী ও ব্যবস্থাপনা কর্মকর্তাদের সু-চিকিৎসার জন্য ৯০ দশকে ইংল্যান্ড ভিত্তিক ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন নামক একটি সংস্থা উন্নতমানের হাসপাতাল চালু করেছিল। এ হাসপাতালে ডানকান ব্রাদার্সের মালিকানাধীন ১৫টি চা বাগানের চা শ্রমিক, তাদের পরিবার-পরিজন, কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসা সেবা গ্রহণ করতেন। পাশাপাশি জরুরি ভিত্তিতে আশপাশের মানুষজনও চিকিৎসাসেবা নিতেন।
ঘটনার সূত্রপাত
বাগানের বাবুল রবিদাসের ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ে ঐশি রবিদাস মাথায় ব্যথা নিয়ে বৃহস্পতিবার, ২৬ মার্চ বিকেলে ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি হয়। রাতে তার শারীরিক অবস্থা ভালো না থাকায়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তরের অ্যাম্বুলেন্সসহ সকল কার্যক্রম সম্পন্ন করেন। কিন্তু রোগীর স্বজনরা রাতে তাকে স্থানান্তর করতে রাজি হয়নি। পরদিন শুক্রবার সকালে দেখা যায় শিশু ঐশি মারা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে চা বাগান নেতা মোহন রবিদাসের নেতৃত্বে এক দল লোক ক্যামেলিয়া হাসপাতালে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। তারা হাসপাতালের পরিচালক ডা. এ বি এম আনোয়ারুল হককে টানাহেছড়া করে নাজেহাল করে। অন্যান্য ডাক্তারদের প্রহার করে। খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় চিকিৎসক ও কর্মচারীরা দ্রুত হাসপাতাল ত্যাগ করে নিরাপদ চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক নারী চা শ্রমিকরা বলেন, আমাদের ভালো চিকিৎসার একটা ভরসা ছিল ক্যামেলিয়া হাসপাতাল। যে অভিযোগ করে এত হাঙ্গামা হলো তা না করে লিখিত অভিযোগ করে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেত।
চা শ্রমিকদের শঙ্কা
হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্যামেলিয়া হাসপাতালের কার্যক্রমসহ লংলার ক্যামেলিয়া স্কুলের কার্যক্রমও বন্ধ করে দেয় কিনা ? হাসপাতাল ও স্কুল কার্যক্রম বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চা শ্রমিক পরিবারগুলো। তারা উন্নয়নত চিকিৎসার সঙ্গে পড়াশোনার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে।
অভিযুক্তের বক্তব্য
অভিযোগ বিষয়ে জানতে চাইলে মোহন রবিদাস বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত না থাকলে পরিচালক এ বি এম আনোয়ারুল হককে নিরাপদে বের করা যেত না। আমি উত্তেজনা নিরসনের চেষ্টা করেছি।’
একইদিন রাতে ফেইসবুকে সরাসরি ভিডিও বক্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘আসলে এ মুহুর্তে তার এ ভিডিও বক্তব্য দেওয়া ঠিক হয়নি।’
যা বললেন শ্রমিক নেতা
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক চা শ্রমিক নেতা রামভজন কৈরী বলেন, ‘চা শ্রমিক কন্যা ঐশির মৃত্যুতে আমরা মর্মাহত। তবে বিষয়টি তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত। এত হাঙ্গামার প্রয়োজন ছিল না।’ পুরো ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক হাসপাতালের চিকিৎসা সেবা দ্রুত চালু করার দাবি জানান তিনি।
কর্তৃৃপক্ষের জবাব
জানতে চাইলে শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক ও ডানকান ব্রাদার্সের উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, ‘হাসপাতালটি সম্পূর্ণ আলাদা একটি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এখানে ডানকান ব্রাদার্সের ডাকা অফিসেরও করার কিছু নেই। তাছাড়া পুরো বিষয়টি ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন কর্তৃপক্ষ ইংল্যান্ড থেকে পর্যবেক্ষণ করেছেন।’ তবে চিকিৎসা সেবা বন্ধ থাকায় চা শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন এ বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।
পতাকানিউজ/এমআরআর/আরবি

