১৫ আগস্টকে অন্য ৩১ দিনের মতোই মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে, এটি দুঃখজনক। কেউ ধানমন্ডিতে বা কোথাও কর্মসূচি করতে গেলে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রোববার, ১০ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালাতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী সেটি দেখবে।
কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার প্রশ্নে প্রেস সচিব বলেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরনের কাজে নজরদারি চলছে। তারা যদি দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি, নজর রাখা হচ্ছে।
এদিকে, ১৫ আগস্ট শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী জেড আই খান পান্না।
গতকাল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক লাইভে তিনি এ আহ্বান করেন।
এ সময় তিনি বলেন, আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। শুক্রবার হওয়ায় অন্তত কালো জামা না হলেও কালো ব্যাজ ধারণ করুন এবং বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের জন্য দোয়া করবেন।
পতাকানিউজ/এআই

