রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় ১৬ ঘণ্টার লড়াই শেষে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর বুধবার (২৬ নভেম্বর) নিশ্চিত করেছে, সকাল সাড়ে ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে গত মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে। দমকল বাহিনী জানিয়েছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ১ হাজার ৫০০ ঘরবাড়ি পুড়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নেভাতে অক্লান্ত চেষ্টা চালায়। জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পাওয়া মাত্রই অভিযান শুরু করা হয়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
এদিকে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক পরিবার নিঃস্ব হয়ে পড়ায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।
রাজনৈতিক পর্যায় থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবৃতিতে কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
পতাকানিউজ/এনটি

