গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি পর্যালোচনা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ উদ্দেশ্যে তার আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার, ২৬ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আয়কর নথি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, সরকারি ক্ষমতার অপব্যবহার করে হারুন অর রশিদ ১৭ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৮০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা হয়েছে।
দুদক আরও জানায়, তিনি নিয়মিত আয়কর দাতা। অভিযোগ তদন্তের স্বার্থে প্রতিটি বছরের কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথি যাচাই করা জরুরি। তাই এসব নথি জব্দের প্রয়োজনীয়তা রয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই আলোচিত পুলিশ কর্মকর্তা পলাতক। এর মধ্যে তাঁর ও তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিদের বিপুল পরিমাণ স্থাবর–অস্থাবর সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।
পতাকানিউজ/এআই

