২০২৫ সালে দেশে গণপিটুনিতে ১৬৬ জন এবং রাজনৈতিক সহিংসতায় ৮৬ জন নিহত হয়েছেন। একই সময়ে রাজনৈতিক সহিংসতার ঘটনায় আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের বার্ষিক পর্যবেক্ষণ প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করেছে।
বুধবার, ৩১ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদন তুলে ধরে সংগঠনটি।
এমএসএফ জানায়, গণতান্ত্রিক পরিসর সংকুচিত হওয়া, জবাবদিহির অভাব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বছরজুড়ে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে মৃত্যুর অভিযোগ অব্যাহত ছিল।
সংগঠনটির তথ্যানুযায়ী, ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ৫৯৯টি ঘটনায় মোট ৫ হাজার ৬০৪ জন ক্ষতিগ্রস্ত হন। এর মধ্যে নিহত ৮৬ জন এবং আহত ৫ হাজার ৫১৮ জন। আহতদের মধ্যে ৯৭ জন গুলিবিদ্ধ ছিলেন। নিহতদের মধ্যে বিএনপির ৬৫ জন, আওয়ামী লীগের ৮ জন, জামায়াতে ইসলামীর ৩ জন এবং পরিচয় অনির্ধারিত ১০ জন সাধারণ নাগরিক রয়েছেন।
নির্বাচনের তারিখ ঘোষণার পর মনোনয়ন ও প্রচারসংক্রান্ত ২৬টি ঘটনায় ৩ জন নিহত ও ২৪৯ জন আহত হন। রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ১৬৯টি ঘটনায় নিহত হন ৪৭ জন।
এমএসএফ জানায়, সরকার পতন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানসংক্রান্ত ঘটনায় এ বছর ৬৭টি মামলা হয়েছে। এসব মামলায় ৭ হাজার ৭৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১১ হাজার ১৭৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর মধ্যে ২৯টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় ২২ হাজার ২৮৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১১ হাজার ৩১৩ জনকে সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।
২০২৫ সালে সারা দেশে বিভিন্ন মামলায় মোট ২ লাখ ১২ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় এমএসএফ। একই সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ১৯টি ঘটনায় ২২ জন নিহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর ঘটনা ছিল ২০টি।
কারাগারে এ বছর ১১৬ জন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশই অসুস্থতায় মারা যান। সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হয়রানির ঘটনাও বেড়েছে। ২৮৯টি ঘটনায় ৬৪১ জন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ৪২৮টি গণপিটুনির ঘটনায় ১৬৬ জন নিহত এবং ৪৬০ জন আহত হন।
এমএসএফ অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন ও হেফাজতে মৃত্যুর অভিযোগ তদন্তে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছে। একই সঙ্গে গণপিটুনি রোধে জবাবদিহিমূলক পুলিশিং, সাংবাদিক ও সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদার এবং জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে।

