বগুড়ার করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্র মুহিব হাসান শ্রাবণের মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার, ১১ আগস্ট সকাল ৮টায় উদ্ধারকারী দল করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত মুহিব হাসান শ্রাবণ (১৯) বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি ইছাইদহ এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মামুন প্রামানিকের ছেলে। তিনি জয়নুল আবেদীন কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর করতোয়া নদীতে গোসল করতে নামেন শ্রাবণ। গোসলের একপর্যায়ে তিনি নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। রাজশাহী থেকে আসা ডুবুরি দল বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালালেও আলোর স্বল্পতার কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল ৮টায় পুনরায় অভিযান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, নদীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করা গেলে এমন মর্মান্তিক ঘটনার পরিণতি ভিন্ন হতে পারত।
স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত সার্জেন্ট ফেরদৌস বলেন, উদ্ধার তৎপরতা নিয়ে আমরা খুবই হতাশ। বগুড়া ফায়ার সার্ভিসে স্থায়ী ডুবুরি দল না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত ডুবুরি দল সংযুক্ত ও আধুনিক উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানাই।
১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন বলেন, সোমবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত ডুবুরি দল চেষ্টা করেও মরদেহ উদ্ধার করতে পারেনি। আজ সকালে তারা মরদেহ উদ্ধার করেছে। কিন্তু রাতভর নিহতের পরিবার ও এলাকাবাসী চরম উৎকণ্ঠায় ছিল। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে বগুড়া ফায়ার সার্ভিস ইউনিটে স্থায়ী ডুবুরি দল সংযুক্ত ও ইউনিটকে আধুনিক করার দাবি জানাচ্ছি।
বগুড়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান সিরাজ বলেন, খবর পেয়ে সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করি। তবে আলো স্বল্পতার কারণে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। আজ সকালে পুনরায় অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসে স্থায়ী ডুবুরি দল সংযুক্তির দাবির বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব। আশা করছি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পতাকানিউজ/পিএম/আরবি

