২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন ও প্রত্যাহার সাপেক্ষে পর্যবেক্ষণসহ এই রায় দেওয়া হয়।
সকাল ১০টা ৫ মিনিটে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা এজলাসে প্রবেশ করেন। আসন গ্রহণের পর রায় ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়। মাত্র ১৩ মিনিট পর, সকাল ১০টা ১৮ মিনিটে রায় ঘোষণা শেষ হয়।
এর আগে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর টানা পাঁচ দিনের শুনানি শেষে গত ২১ আগস্ট আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন, আহত হন শতাধিক মানুষ। হামলার লক্ষ্য ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা।
এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের নাম আসামির তালিকায় আসে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে হাইকোর্ট তারেক রহমানসহ কয়েকজনকে খালাস দেন, যা আজ আপিল বিভাগে বহাল থাকলো।
পতাকানিউজ/এআই

