হাটহাজারীর মদুনাঘাটে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার, ৭ অক্টোবর দিবাগত রাতে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, ‘ব্যবসায়ী আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।’
হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার এজাহার প্রক্রিয়াধীন রয়েছে।’
মঙ্গলবার, ৭ অক্টোবর বিকেলে হাটহাজারীর মদুনাঘাটে আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। আততায়ীরা মোটরসাইকেলে করে এসে ওই ব্যবসায়ীর প্রাইভেট গাড়ি আটকে গুলি করতে দেখা গেছে ফেসবুকে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে। আশপাশে থাকা লোকজন রক্তাক্ত ব্যবসায়ীকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি মারা যান।
আব্দুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি হামিম এগ্রোর মালিক। তিনি রাউজান উপজেলা বিএনপির কর্মী এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
এর আগে ২৯ মার্চ রাত ২টায় বাকলিয়া এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি করে মো. আব্দুল্লাহ আল রিফাত ও মো. বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয়। এসময় আরো কয়েকজন আহত হন। তবে মদুনাঘাটের হত্যাকাণ্ডের ঘটনা ওই ঘটনাকে ইঙ্গিত করছে। হতেও পারে তারা একই গ্রুপের সদস্য। যারা জনসম্মুখে এভাবে মানুষ হত্যা করে।
পতাকানিউজ/আরএস/কেএস

