দেশে চলমান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ফেনীর পরশুরাম উপজেলার সিলোনিয়া খাল খনন কাজের উদ্বোধন করতে আগামী ২৫ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে আসবেন। শেষে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
নতুন কুঁড়ি স্পোর্টস অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
এমপি জানান, খাল খনন কর্মসূচির আওতায় পরশুরামের সিলোনিয়া খালের খনন কাজ শুরু হবে। আগামী ২৫ মে খাল খনন কাজের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে আসবেন এবং খনন কাজের উদ্বোধন শেষে পরশুরাম পাইলট হাই স্কুল মাঠে জনসভায় বক্তব্য রাখবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনের খবরে ফেনী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন নেতাকর্মীরা।
ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ফেনী মেডিকেল কলেজ স্থাপনের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে বলে জানিয়েছে নেতাকর্মীরা।
পতাকানিউজ/এএএম/আরবি

