ফিলিস্তিনের পশ্চিম তীরে একটি খামারের ২৬২টি কুমির হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। নিরাপত্তার অজুহাতে দেশটির সৈন্যরা কুমিরগুলোকে হত্যা করে।
মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ সাল থেকে নীল নদের কুমিরকে একটি সংরক্ষিত প্রজাতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। জর্ডান ভ্যালি নামের এই খামারে পালন করা হচ্ছিল কুমিরগুলোকে।
খামারের মালিক ড্যানি বিতান বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী এটিকে এক ধরনের হত্যা উপত্যকা তৈরি করেছে। তারা কেবল নির্বিচারে হত্যা করছে।’
খামারটি ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২০০০-০৫ সালের দ্বিতীয় ইন্তিফাদার সময় দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।
পশ্চিম তীর নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি সামরিক ইউনিট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অবশ্য দাবি করেছে, ‘ফার্মে থাকা নীল নদের কুমিরগুলোকে পরিত্যক্ত একটি স্থানে অমানবিকভাবে রাখা হচ্ছিল, যা পশু নির্যাতনের শামিল। খাবারের অভাবেও তারা একে অপরকে খেতে শুরু করেছিল। পশু চিকিৎসা বিশেষজ্ঞদের জরুরি মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত (কুমিরগুলোকে হত্যা করার) নেওয়া হয়েছে।’
ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল কান ১১-এ প্রচারিত একটি প্রতিবেদনে জানা যায়, খামারের চারপাশে কুমিরের মৃতদেহ ও গুলির খোসা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
ইসরায়েলি প্রাণী সুরক্ষা সংস্থা লেট দ্য অ্যানিম্যালস লিভ কুমির হত্যার তীব্র সমালোচনা করেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।
পতাকানিউজ/এফএম

