২৭ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মানতে হলো মিয়ানমারের গুলিতে গুলিবিদ্ধ টেকনাফের সেই শিশু হুজাইফা আফনান (১২)।
শনিবার, ৭ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে সে মারা যায়।
হুজাইফার চাচা শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে চিকিৎসকরা হুজাইফাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে গত ১১ জানুয়ারি সকালে টেকনাফের হোয়াইক্যংয়ে তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার থেকে আসা গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় স্থানীয় জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা আফনান।
প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর একইদিন সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। দুদিন পর ১৩ জানুয়ারি বিকেলে মাথা থেকে গুলিটি অপসারণ করা সম্ভব না হওয়ায় হুজাইফাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এদিকে মঙ্গলবার, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৮ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির ছোঁড়া গুলিতে বাংলাদেশি দুই কিশোর আহত হয়। তারা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।
পতাকানিউজ/আরবি

