জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কর কমিশনার (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও উপ কর কমিশনার মো. শিহাবুল ইসলামের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পৃথক আদেশে এই নিষেধাজ্ঞা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান ও মো. শিহাবুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তাঁরা সম্পদের হিসাব বিবরণী দাখিল করেছেন। বর্তমানে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই কার্যক্রম চলমান রয়েছে।
আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান ও যাচাই কার্যক্রম ব্যাহত বা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠুভাবে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
পতাকানিউজ/এআই

