কক্সবাজার টেকনাফে নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের আরকান আর্মি দুই ডিঙি নৌকাসহ ৭ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে ।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল দুপুর ২টায় এ ঘটনা ঘটে।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- সাবরাং নয়া পাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব,মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান ও শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডে ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, ‘আমার এলাকায় পাচঁ জেলে ও শাহপরীর দ্বীপের তিন জেলেকে নাফ নদীতে মাছ ধরতে গেলে তাদের ধরে নিয়ে যায় আরকান বাহিনী। তারা আজ সকাল ৭টায় মাছ শিকারে যায়। দুপুর ২টায় ফিরে আসার সময় তাদের ধরে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলে ধরে নিয়ে গেছে শুনেছি। সেখানকার বিওপি কমান্ডারকে বলেছি বিস্তারিত জেনে আমাকে জানাতে। পরে তাদের ফেরত আনার জন্য কার্যক্রম শুরু করা যাবে।
টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে তাদের ফেরত আনতে কোস্ট গার্ড ও বিজিবি সঙ্গে কথা হচ্ছে।’
পতাকানিউজ/এনএ/আরবি

