সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও অ্যাডভোকেট এস এম হৃদয়।
এর আগে ২০২৫ সালের ৯ মে ভোর ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন। তবে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়।
এরপর ২০২৫ সালের ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি সেসব মামলায় জামিন দেন হাইকোর্ট। কিন্তু পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোও স্থগিত করা হয়।
এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন হত্যার অভিযোগে করা দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে সংশ্লিষ্ট থানা-পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
পতাকানিউজ/আরবি

