রাজধানী ঢাকায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি দুপুরে পল্লবীর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন— মোহাম্মদ মাসুম (৩৫), তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০), তাদের ৪ বছর বয়সী ছেলে মিনহাজ ও ২ বছর বয়সী ছেলে আসাদ।
স্থানীয়রা জানান, নিহত দম্পতি বিহারি ক্যাম্পের একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন। স্বামী রিকশা চালাতেন এবং স্ত্রী বাসা-বাড়িতে কাজ করতেন। এ পরিবার ঋণগ্রস্ত ছিল। হতাশা থেকে সন্তানদের নিয়ে তারা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পতাকানিউজ/আরবি

