নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
আখতার আহমেদ বলেন, আমরা তিনবার ভোটার তালিকা হালনাগাদ করেছি। দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ অক্টোবর।
নির্বাচনসামগ্রী সংগ্রহের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই জানিয়ে তিনি বলেন, সেপ্টেম্বরের মধ্যেই যাবতীয় সামগ্রী কেনাকাটা সম্পন্ন হবে। এছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করেছে ইসি। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করার পর নির্বাচনের সময় দেশে থাকলে আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না।
সংসদীয় আসনের সীমানা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রিট হয়েছে। এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
আগামী রবিবার অথবা সোমবার রাজনৈতিক দল নিবন্ধন চূড়ান্ত হতে পারে উল্লেখ করে আখতার আহমেদ বলেন, মাঠপর্যায়ের ২২টি দলের তথ্য আমরা নিয়েছি। এগুলোর কার্যক্রম মোটামুটিভাবে যাচাই-বাছাই করা আছে। আগামী রবিবার অথবা সোমবার কমিশন মিটিংয়ে এটি চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাকনির্বাচনী প্রতিনিধিদল আলোচনা করতে ইসিতে আসবে।
পতাকানিউজ/আইবিএম

