৩৪ বছরের পর ইসরায়েল ও লেবাননের নেতারা আলোচনা করবেন আজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল। বুধবার, ১৫ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
ট্রাম্প লিখেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর—দুই দেশের নেতারা কথা বলেননি। আগামীকাল তা হবে। ভালো লাগছে!’
তবে দুদেশের কোন পর্যায়ের নেতারা এ আলোচনায় অংশ নেবেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ নাকি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের মধ্যে এ আলাপ হবে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে গত ২ মার্চ থেকে ইরান-সমর্থিত সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের ওপর পুনরায় হামলা শুরু করলে লেবাননও সংঘাতে জড়িয়ে পড়ে। এরপর থেকে দখলদার বাহিনীর হামলায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
এছাড়া দক্ষিণ লেবাননে স্থল অভিযানও চালিয়েছে ইসরায়লি বাহিনী। তারা আরও এলাকা দখল করে একটি তথাকথিত ‘বাফার জোন’ তৈরি করার চেষ্টা করছে বলে জানিয়েছে।
তথ্য সূত্র : টাইমস অব ইসরায়েল
পতাকানিউজ

