৩৫০ টাকার জন্য স্বাধীন পাল (১৯) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সোমবার, ১৫ ডিসেম্বর রাত পৌনে ৮ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্তিঙ্গা চা বাগানে এ ঘটনা ঘটে।
নিহত স্বাধীন পাল মৃর্তিঙ্গা চা বাগানের শ্রমিক শিমন্ত পালের ছেলে।
মৃর্তিঙ্গা চা বাগান ওয়ার্ড ইউপি সদস্য ধনা বাউরী জানান, একই বাগানের চন্ডিপুর এলাকার মাহিন (১৯) নামের এক যুবক স্বাধীন পালের কাছে ৩৫০ টাকা পায়। এ টাকা নিয়ে রবিবার রাতে মৃর্তিঙ্গা-ভৈরববাজার সরকের নয়ন রাজগড়ের দোকানের সামনে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মাহিন স্বাধীনের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় তার প্রচুর রক্তক্ষরণ হলে সিলেট স্থানান্তর করলে সেখানে একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী মাহিনকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
এদিকে কমলগঞ্জ থানা পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কমলগঞ্জ থানায় নিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক মাহিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পতাকানিউজ/এমআরআর/আরবি

