ইরানের শ্যাডো ব্যাংকিং বা ছায়া ব্যাংকিং খাতে জড়িত এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী ও অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে সহযোগিতা করার অভিযোগে ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।
বুধবার, ২৯ এপ্রিল এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন ট্রেজারি বিভাগ।
মার্কিন ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, মন্ত্রণালয়ের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ’ (OFAC) এ নিষেধাজ্ঞা কার্যকর করেছে। তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের— সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
মার্কিন ট্রেজারি বিভাগে জানিয়েছে, চিহ্নিত এ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞা এড়িয়ে কয়েক দশ বিলিয়ন ডলার সমমূল্যের অর্থ লেনদেনে সহায়তা করেছে। ওয়াশিংটনের দাবি, এইঅর্থ সরাসরি ইরানের সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার কার্যক্রমে ব্যবহৃত হয়েছে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ইরানের এই ছায়া ব্যাংকিং ব্যবস্থা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক লাইফলাইন হিসেবে কাজ করছে। এই নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যে সহিংসতা ছড়ানো এবং বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটানোর নেপথ্য কারিগর।
ট্রেজারি বিভাগ জানায়, এ নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল সেইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান যারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরসহ (আইআরজিসি) ইরানের সশস্ত্র বাহিনীকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় প্রবেশের সুযোগ করে দেয়। এর মাধ্যমে তারা অবৈধভাবে তেল বিক্রির অর্থ গ্রহণ, মিসাইল ও অন্যান্য অস্ত্র ব্যবস্থার সংবেদনশীল যন্ত্রাংশ ক্রয় এবং ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর কাছে অর্থ স্থানান্তর করে থাকে।
পতাকানিউজ/আরবি

