জাল সনদ দাখিল করে ৩৮তম বিসিএসে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দেশত্যাগে নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই কর্মকর্তা হলেন- প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাকার হাজারীবাগের সঞ্জয় দাস এবং পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত নেত্রকোনার খালিয়াজুরির আবু সালেহ মো. মুসা।
দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

আবেদনে বলা হয়, সরকারি কর্মচারী হওয়ার উদ্দেশ্যে তারা অসৎ উপায়ে আর্থিকভাবে লাভবান হতে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করেন। পরে ওই সনদ প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপনের চেষ্টা করেন।
এভাবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এর ফলে তারা ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। পরে চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতা উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন বলেও অভিযোগে বলা হয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা বর্তমানে তদন্তাধীন। বিশ্বস্ত সূত্রে তারা দেশত্যাগ করে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ গমন বন্ধ রাখা প্রয়োজন।
পতাকানিউজ/এএ

