সিলেট সীমান্তে প্রায় ৩ কোটি টাকার মূল্যের সমপরিমাণ ২৮৯টি ভারতীয় গরু-মহিষের বিশাল চালান জব্দ করেছে বিজিবি। বুধবার, ৮ অক্টোবর তথ্যটি নিশ্চিত করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্ত উপজেলা গোয়াইনঘাটের রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে আনা ২৩৭ টি ভারতীয় গরুর চালান জব্দ করা হয়।
এছাড়া, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন লাফার্জ বিওপির টহলদল সীমান্তবর্তী দিনেরটুক এলাকায় ৩২টি এবং অপর একটি এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মহিষসহ মোট ৪২ টি ভারতীয় মহিষ আটক করা হয়।
আটক গরু এবং মহিষের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সহকারী পরিচালক আবদুল্লাহ আল মুয়ীদ জানান, সিলেট সীমান্তে বিজিবির অভিযানে একসঙ্গে এত গরু ও মহিষের আটক এই প্রথম। পরিসংখ্যানের দিক দিয়ে এটাই সর্বোচ্চ। গরু-মহিষের চালানটির গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার, ৭ অক্টোবর রাত থেকেই তৎপর ছিল বিজিবি।
তিনি ৪৮ বিজিবির অধিনায়কের বরাত দিয়ে বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। আটককৃত গবাদি পশুগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পতাকানিউজ/ইউএম/এমওয়াই

