সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হওয়া উদয়ন এক্সপ্রেস পৌনে ৩ ঘণ্টা পর সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার, ৭ অক্টোবর সকাল পৌনে ১০টায় স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। এর আগে সকাল সাতটার দিকে ৭২৩ নং আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৪টি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়।
শমশেরনগর ও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ৭৭৪ নং আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেন মোগলাবাজার স্টেশনের ডাউন আউটারে দাঁড়ানো ছিল। অপরদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী ৭২৩ নং আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন মোগলাবাজার রেলওয়ে স্টেশনের ২ নম্বর স্টেশনে প্রবেশ করছিল।
উদয়ন এক্সপ্রেস ট্রেন মোগলাবাজার রেলওয়ে স্টেশনে ২ নং লাইনে প্রবেশ করে দাঁড়িয়ে থাকার কথা থাকলেও থামেনি। ট্রেনটি স্টেশন অতিক্রম করে চলে যাওয়ার সময় ডাউন পয়েন্ট এলাকায় ইঞ্জিনসহ আরও ৩টি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়ে উপড়ে পড়ে। এ ঘটনায় ১৫ জন যাত্রী আহত হয়।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, ঘটনার পরপরই কুলাউড়া জংশন স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থল থেকে রেলপথে থাকা বগি অপসারণ করেছে। পৌনে ৩ ঘণ্টা পর সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানান, আখাউড়া থেকে আরও একটি উদ্ধারকারী ট্রেন এসে রেলপথের পাশে পড়ে থাকা ইঞ্জিনসহ বগিগুলো উদ্ধার করবে।
পতাকানিউজ/এমআরআর/এমওয়াই

