সরকারের আহ্বান উপেক্ষা করে তিন দফা দাবির চাপ বাড়াতে আন্দোলনে অনড় রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে সারাদেশের অধিকাংশ বিদ্যালয়ে বৃহস্পতিবারও চলবে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘তালাবদ্ধ’ কর্মসূচি।
বুধবার, ৩ ডিসেম্বর রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এক যৌথ ভার্চুয়াল বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায়।
সংগঠনগুলো জানায়, গত ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বেতন–স্কেল নিয়ে প্রতিশ্রুতি দিলেও ২২ দিন পার হলেও তিন দফা দাবির বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সে কারণেই ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ করার কর্মসূচি অব্যাহত রয়েছে।
২০২৩ ও ২০২৫ ব্যাচসহ আন্দোলনকারীদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারি করাকে ‘উদ্বেগজনক’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। তিন দফা দাবি পূরণে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শাটডাউন চলবে বলে জানান নেতারা।
তিন দফা দাবি
১. অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল আপাতত ১১তম গ্রেডে উন্নীত করার প্রজ্ঞাপন জারি।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে বিদ্যমান জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা।
পতাকানিউজ/এআই

