কক্সবাজার তিন দিনের সফরে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এসময় জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান ও জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
পরে সেখান থেকে সিইসি গাড়িযোগে কক্সবাজার সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তার রাত্রিযাপনের কথা রয়েছে।
প্রশাসন সংশ্লিষ্টরা জানিয়েছেন, শনিবার, ২১ ফেব্রুয়ারি সকালে প্রধান নির্বাচন কমিশনার নিজ জন্মস্থান কুতুবদিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছার পর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।
বিকেলে তিনি কুতুবদিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। রাতে তিনি কক্সবাজারের সার্কিট হাউজে অবস্থান করবেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, ‘ব্যক্তিগত তিনদিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার কক্সবাজার এসেছেন। আজ রাতে তিনি কক্সবাজার সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। আগামী রবিবার সকালে তিনি বিমান যোগে কক্সবাজার ত্যাগ করবেন।
পতাকানিউজ/এনএ/আরবি

