১০৮টি ফ্লাইটে চেপে মোট ৪৩ হাজার ১৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রবিবার, ৩ মে সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানা যায়।
বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন মক্কায় এবং ২ জন মদিনায় ইন্তেকাল করেছেন।
স্বাস্থ্যসেবার বিষয়ে বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম ইতোমধ্যে ৯ হাজার ১৭৫ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৯ হাজার ৭৩০ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনায় রয়েছে ৬৬০টি এজেন্সি, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
বিমান সংস্থাভিত্তিক তথ্য মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ২০ হাজার ৪৮৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৯টি ফ্লাইটে ১৪ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাসের ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৯০ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে চার হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
এদিকে, ঢাকাস্থ সৌদি দূতাবাস শতভাগ ভিসা ইস্যু সম্পন্ন করেছে। মোট ৭৮ হাজার ৫০০টি ভিসার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি ভিসা দেয়া হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল মধ্যরাতে বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এদিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।
আগামী ২১ মে শেষ হবে এ ফ্লাইট পরিচালনা। ৩০ মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩০ জুন।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
প্রসঙ্গত, চলতি বছর ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পতাকানিউজ/আরবি

