দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এগুলো হলো- রংপুর, রাজবাড়ী, ঠাকুরগাঁও ও পাবনা।
বুধবার, ১ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের চার জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি বা পদায়ন করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, মিস আফরোজা পারভীন পরিচালক (উপসচিব), বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক (উপসচিব) মিস আফরোজা পারভীনকে রাজবাড়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামকে পাবনা ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব (উপসচিব) মোহাম্মদ রুহুল আমিনকে রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়া হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৯ মার্চ ১১ জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দেয়া হয়েছে। জেলাগুলো হলো- রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
তারও আগে গত ১৫ মার্চ গাজীপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নেত্রকোনায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।
পতাকানিউজ/আরবি

