নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার সুস্পষ্ট সরকারি ঘোষণাসহ চার দাবিতে চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
রবিবার, ৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেছেন শ্রমিক-কর্মচারীরা।
এদিকে ধর্মঘটের কারণে বিভিন্ন জেটিতে সব ধরনের পণ্য ও কনটেইনার ওঠানামা বন্ধ রয়েছে, পণ্য ডেলিভারি কার্যক্রমও থেমে আছে। সকাল থেকে বন্দরের ভেতরে কোনো ধরনের ট্রেলার বা পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহন প্রবেশ করেনি। বন্দরের বিভিন্ন গেটের সামনে মোতায়েন করা হয়েছে বাড়তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহীম খোকন বলেন, ‘আজ সকাল থেকে আমাদের ধর্মঘট চলছে। কোথাও কোনো কাজ হচ্ছে না। শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে সমর্থন দিয়ে কেউ কাজে যোগ দেননি।’ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি।
এর আগে টানা দুদিন বিরতির পর শনিবার, ৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন জানান, ‘আগের চার দফা দাবি নিয়ে গত বৃহস্পতিবার উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বন্দরের শ্রমিক-কর্মচারীরা আশ্বস্ত হয়েছিলেন। সে অনুযায়ী কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছিল। কিন্তু ওই দিন সন্ধ্যায় আন্দোলনরতদের বিরুদ্ধে পুনরায় উসকানিমূলক ব্যবস্থা নেয় বন্দর কর্তৃপক্ষ।’
তিনি আরও জানান, ‘বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) বিদেশি অপারেটর নিয়োগের বিষয়ে এখনও সরকারের কাছ থেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত পাওয়া যায়নি। এ কারণে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ চার দফা দাবিতে রবিবার সকাল থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবে।
অপরদিকে গত বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে আন্দোলনকারী শ্রমিক নেতাদের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বৈঠকের পর দুদিনের জন্য কর্মবিরতি স্থগিত করে সংগ্রাম পরিষদ।
এর আগে মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দরে পালন করা হয় ২৪ ঘণ্টার কর্মবিরতি।
আন্দোলনের মাঝে আন্দোলরত কর্মচারীদের একের পর এক বদলি করা হয়। সর্বশেষ সোমবার, ২ ফেব্রুয়ারি ১৫ কর্মচারীকে একসঙ্গে মোংলা ও পায়রা বন্দরে বদলি করা হয়।
এদিকে আন্দোলনে জড়িত ১৫ শ্রমিক-কর্মচারীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ার পাশাপাশি তাদের স্থাবর-অস্থাবর সম্পদ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দম কমিশনের (দুদক) কাছে আবেদন করেছে বন্দর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রুল হাইকোর্ট খারিজ করে দেন। এরপর ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে কর্মবিরতি পালিত হচ্ছে।
পতাকানিউজ/আরবি

