চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রবিবার, ৩ মে। চলবে বুধবার, ৬ মে পর্যন্ত। সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮ প্রস্তাব উঠবে। এবার থাকছে রাষ্ট্রপতি ও স্পিকারের সঙ্গে সাক্ষাৎ।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি সরকারের এটিই প্রথম ডিসি সম্মেলন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা যায়, এ সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিরা সারা দেশ থেকে ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছিলেন। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৪৯৮টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্বিমত করায় এবং আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব কার্যপত্রে রাখা হয়নি।
চারদিনের এ সম্মেলন সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বেলায় ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা।। সমাপনী অধিবেশনও ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে।
এছাড়া এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে জেলা প্রশাসকরা সৌজন্য সাক্ষাৎ করবেন।
পতাকানিউজ/আরবি

