চট্টগ্রাম মহানগরের দীর্ঘদিনের যানজট সমস্যা কাটিয়ে আধুনিক নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে স্মার্ট ট্রাফিক সিস্টেম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে (চসিক)। এ লক্ষ্যে ‘স্মার্ট ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন’ শীর্ষক একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরির জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার, ২০ নভেম্বর চসিক সচিব আশরাফুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটির অনুমোদন দেয়া হয়।
চসিকের মতে, মহানগরের প্রধান মোড় ও সড়কগুলোতে নিরাপত্তা জোরদার, ট্রাফিক নিয়ন্ত্রণ, নজরদারি এবং মোট কার্যক্ষমতা উন্নত করতে স্মার্ট ট্রাফিক সিস্টেম এখন সময়োপযোগী একটি উদ্যোগ। কমিটির নেতৃত্বে রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তায়েব। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাহী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) শাফকাত বিন আমিন। অন্য সদস্যরা হলেন- নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান ও সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম।
শাফকাত বিন আমিন জানান, ‘আগেও একটি পরামর্শক প্রতিষ্ঠানকে দিয়ে পাইলট প্রকল্প নেয়া হয়েছিল, তবে গত বছরের ৫ আগস্টের পর কাজ বন্ধ হয়ে যায়। নতুন করে আবার ফার্মটির সঙ্গে আলোচনা চলছে। পাইলট ভিত্তিতে কয়েকটি মোড়ে ফিজিবিলিটি স্টাডি ও ডিজাইন কাজ শিগগিরই শুরু হবে বলে জানান তিনি।’
মহানগরের কাজীর দেউড়ি, চকবাজার, আগ্রাবাদ, বহদ্দারহাট, ষোলশহর, ২ নম্বর গেট, নিউ মার্কেট, জামালখান, গোল পাহাড়, পাঁচলাইশ, মুরাদপুর ও প্রবর্তক মোড়সহ দৈনিক যানজটপ্রবণ এলাকাগুলোকে স্মার্ট সিগন্যাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কমিটির সদস্য ফখরুল ইসলামের ভাষায়, ‘ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা চালু হলে যান চলাচল স্বাচ্ছন্দ্যময় হওয়ার পাশাপাশি নিরাপত্তাও বাড়বে।’
নতুন প্রকল্পটিতে ৬টি মূল কাজ নির্ধারণ করা হয়েছে, নগরজুড়ে আধুনিক স্মার্ট সিগন্যাল লাইট স্থাপন, গুরুত্বপূর্ণ মোড়ে ফিজিবিলিটি স্টাডি ও ডিজাইন, সড়ক নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নয়ন, স্মার্ট ট্রাফিক সিস্টেম বাস্তবায়ন ও প্রকল্পসংশ্লিষ্ট অন্যান্য কারিগরি কাজ। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে মেয়রের কাছে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
চসিক মেয়র শাহাদাত হোসেন জানান, ‘যানজট কমাতে আধুনিক সিগন্যাল লাইট অপরিহার্য। পুরো নগরজুড়ে একীভূত স্মার্ট ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হবে, তবে তদারকির দায়িত্ব নেবে ট্রাফিক বিভাগ।’
মেয়াদোত্তীর্ণ বাস–টেম্পো, ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল, সিগন্যাল লাইট না থাকা ও ট্রাফিক আইন অমান্যের কারণে চট্টগ্রাম নগরে প্রতিদিনই সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। এসব চ্যালেঞ্জ কাটাতে স্মার্ট ট্রাফিক ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে চসিক।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে একই সঙ্গে সড়ক নিরাপত্তা ও যানজট দুই সমস্যারই সমাধান হবে।’
পতাকানিউজ/আরএস/এএইচ

