অবশেষে একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার, ৬ নভেম্বর সকালে লেনদেন শুরুর আগেই এই সিদ্ধান্ত জানানো হয় দুই স্টক এক্সচেঞ্জকে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আজ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
এর আগে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নিয়ন্ত্রণ গ্রহণ করে। একই সঙ্গে প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
সেদিন এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, এই পাঁচ ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থার প্রেক্ষিতে তাদের শেয়ারের মূল্য শূন্য ধরা হবে। শেয়ারধারীরা এ থেকে কোনো আর্থিক ফেরত পাবেন না।
গভর্নরের এমন ঘোষণার পর থেকেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দেখা দেয়। অনেকে দাবি করছেন, বিএসইসি সিদ্ধান্ত নিতে দেরি করায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকার যখন ব্যাংকগুলো একীভূত করার সিদ্ধান্ত নেয়, তখনই যদি লেনদেন স্থগিতের ঘোষণা আসত, নতুন কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হতেন না। এখন দেরিতে সিদ্ধান্ত আসায় বিনিয়োগকারীদের আস্থা আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে।
পতাকানিউজ/এআই

