ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলের এর মাত্রা ছিল ৫ দশমিক ১।
বুধবার, ২৬ ফেব্রুয়ারি রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে। ঢাকা থেকে দূরত্ব ৪৬২ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, এটি মাঝারি ধরনের ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, যা ঢাকার আবহাওয়া অধিদপ্তর থেকে ২৫২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।
পতাকানিউজ/আরবি

