চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সায়েম (১২) অপহরণের তিন ঘণ্টার মধ্যেই উদ্ধার হয়েছে। সোমবার, ১৩ অক্টোবর দুপুর ১টায় নগরীর রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। একই সাথে অপহরণকারী আল হাসান খানকে আটক করা হয়।
অপহরণকারী আল হাসান খান (২৪) পটিয়ার বড়লিয়া এলাকার বাসিন্দা ও ভিকটিম সায়েমের আপন মামা।
পুলিশ জানায়, সকালে আল হাসান স্কুলে গিয়ে সায়েমের ক্লাস শিক্ষককে বলে তার দাদা মারা গেছেন। পরে ‘নতুন ব্যাগ কিনে দেয়ার’ কথা বলে ছেলেটিকে সঙ্গে নিয়ে যায় এবং পরে তার পরিবারকে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা পাঠানোর পর পুলিশের সহযোগিতায় সায়েমকে উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার অপারেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত ছাত্রকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/এমএফ/এএইচ

