পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির উদ্যোগে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। খুব শিগগির এর সুফল পাওয়া যাবে বলে জানিয়েছে পাবনা চেম্বার অব কমার্স।
রবিবার, ১৯ এপ্রিল সকালে পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসককে এ তথ্য জানান পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি পরিচালক মো. হারুন উর রশিদ।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি ব্যবসায়ী নেতাদের বলেন, দেশ গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কমর্কসংস্থানের ব্যবস্থা করে দেশের বেকারত্ব দূর করতে বেসরকারি খাতের ভুমিকা রয়েছে।
তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশে সরকারের চেয়ে বেসরকারি খাত দেশের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি ভূমিকা রাখছে।
সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস বলেন, পাবনার ব্যবসায়ীরা নিয়ম-শৃংখলার মধ্যে দিয়ে ব্যবসা-বাণিজ্য করছে। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে যাতে সহনীয় থাকে সে বিষয়ে নিয়মিত বাজার মনিটর করেছে। এছাড়া সরকারির বিভিন্ন নীতি বাস্তবায়ন করছে। অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে ব্যাপারেও নজরদারি করছে।
পাবনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ফোরকান রেজা বাদশা বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম ও সহ-সভাপতি রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালকগণ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।
এতে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাস্সুম, পাবনা চেম্বারের পরিচালক একেএম মুসা, পরিচালক শেখ রতন, শফিকুল ইসলাম খান, এবিএম ফজলুর রহমান, তাজ উদ্দীন মিলন, মাহমুদ হাসান জাহাঙ্গীর, সাইফুল আলম লিটন, এএইচ রেজুয়ান জুয়েল, অলিউল ইসলাম ও চেম্বারের সচিব আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/এমএসআর/আরবি

