যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং নীলফামারী-এ ৭ জেলায় বইছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। যা শনিবারও অব্যাহত থাকতে পারে। শুক্রবার, ২৬ ডিসেম্বর এমন পূর্বাভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ, শুক্রবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও আবওহাওয়া অফিস জানিয়েছে।
১১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু
এদিকে ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া, ১১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার, ২৬ ডিসেম্বর সকাল পৌনে ১০ টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও সোয়া ১০ টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, বৃহস্পতিবার রাত ১১ টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ থাকার পর আজ সকাল সোয়া দশটায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় এ নৌরুটে ১১ ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আরিচা-কাজিরহাট নৌরুটে চারটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক সালাম হোসেন বলেন, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। সকাল পৌনে দশটার দিকে এ নৌরুট স্বাভাবিক হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৪ টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে । উভয় ঘাটে যানবাহনগুলো পারাপারের সিরিয়ালে আছে। অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সেবার যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।
পতাকানিউজ/আরবি

