রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাতকা উপকূলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে প্রবল ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কামচাতকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর উৎস হওয়ায় কম্পন তীব্রভাবে অনুভূত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে উপকূলজুড়ে।
প্রথম মুহূর্তে পরিস্থিতি অনিশ্চিত থাকায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার (এনটিডাব্লিউসি) সতর্কতা জারি করে জানায়, রাশিয়ার উপকূলের কয়েকটি অঞ্চলে ১ থেকে ৩ মিটার উঁচু ঢেউ আঘাত হানতে পারে। সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, কানাডা কিংবা হাওয়াইয়ে এর প্রভাব পড়বে না। তবে সতর্ক অবস্থায় থাকলেও স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারও প্রথমদিকে সতর্ক করেছিল যে, হাওয়াই উপকূলে ঝুঁকি তৈরি হতে পারে এবং দুপুর ২টা ৫১ মিনিটের পর ঢেউ পৌঁছাতে পারে। কিন্তু পর্যালোচনার পর নিশ্চিত করা হয়, হাওয়াই বা যুক্তরাষ্ট্রের অন্য কোনো উপকূলীয় এলাকায় এই ভূমিকম্প থেকে বিপদের আশঙ্কা নেই।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, যুক্তরাষ্ট্র বা কানাডার উপকূলজুড়ে ধ্বংসাত্মক সুনামির সম্ভাবনা নেই। আলাস্কার দিক থেকেও সুনামির কোনো সতর্কতা জারি হয়নি। তবে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা ঘোষণা না আসা পর্যন্ত উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকায় না ফিরতে।
অন্যদিকে জাপান আবহাওয়া সংস্থা পরিস্থিতি বিশ্লেষণ করে জানিয়েছে, কামচাতকা উপদ্বীপ ঘেঁষা সাগরপৃষ্ঠে কিছুটা অস্বাভাবিকতা তৈরি হতে পারে, তবে জাপানের জন্য কোনো সুনামির সতর্কতা প্রয়োজন হয়নি।
রয়টার্স জানিয়েছে, এত বড় মাত্রার ভূমিকম্প সত্ত্বেও হতাহত কিংবা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, ভূমিকম্পের সময় ঘরবাড়ি কেঁপে ওঠায় আতঙ্কে অনেকেই বাইরে বেরিয়ে যান।
পতাকানিউজ/এনটি

