জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবি ১৬ নভেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি করেছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল।
বুধবার, ১২ নভেম্বর দুপুরে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি জানান, আগামী ১৩ নভেম্বর পতিত ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধে ৮ দলের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেবেন। একই সঙ্গে সব ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক শক্তিকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।
১৪ নভেম্বর জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। এতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি তুলে ধরা হবে।
১৬ নভেম্বর সকাল ১১টায় আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন হবে।
তিনি জানান, ওই সংবাদ সম্মেলন থেকেই যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা আসতে পারে, যদি ৫ দফা দাবি পূরণ না হয়।
পতাকানিউজ/এআই

