৮ বছর ধরে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছিল হাসপাতাল। এছাড়া নানা অনিয়মের অভিযোগে ফেনী প্রাইভেট হাসপাতালকে সিলগালা করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। রবিবার, ১২ এপ্রিল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান।
এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম ফাহাদ।
অভিযান সূত্রে জানা যায়, দেবীপুর এলাকায় অবস্থিত ওই হাসপাতালটির ২০১৮ সাল থেকে লাইসেন্স নবায়ন নেই। এছাড়া নানা ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। পরবর্তীতে সিভিল সার্জনের নির্দেশনা অনুযায়ী হাসপাতালটি সিলগালা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাজ হাবিব খান জানান, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল। লাইসেন্স না থাকা ও অব্যবস্থাপনার কারণে হাসপাতালটির সকল কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়েছে।’
পতাকানিউজ/এএএম/আরবি

