কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ ‘ডাকাত জাহাঙ্গীর’ বাহিনী প্রধান ও তার ৮ সহযোগীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে জিন্মি ৪ জেলে উদ্ধার করা হয়।
বুধবার, ২৫ ফেব্রুয়ারি বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকাল ৪টায় কক্সবাজারের মহেশখালী থানার সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফ বি মায়ের দোয়া-৩’ নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানের একটি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোটটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল বোটটিকে থামানোর উদ্দেশ্যে ৫ রাউন্ড ফাঁকা গোলা ছুড়ে এবং ধাওয়া করে আটক করে।
পরবর্তীতে বোটে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশি অস্ত্রসহ ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে আটক করা হয়। এসময় ডাকাতের কবলে পড়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে সমুদ্রে ডাকাতি করে আসছিল।
উদ্ধারকৃত জেলে ও বোট এবং জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

